খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২১ই ডিসেম্বর ২০২৪, ৬:৬ পিএম

চেয়ারম্যানসহ গ্রেপ্তার – গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় সদর উপজেলার উরফি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির গাজী ও নিজড়া ইউনিয়ন কৃষকলীগ সভাপতি ফায়েকউজ্জামান মীনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার জেলা শহরের কাঁচা বাজার এলাকা ও নিজড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির সাজেদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা বলেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহভাজন দুই আসামি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এসময় জেলা শহরের কাঁচা বাজার এলাকা থেকে মনির গাজী ও নিজড়া গ্রাম থেকে ফায়েকউজ্জামান মীনাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী স্ত্রী, সন্তান ও দলীয় নেতা–কর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের নিজ বাড়িতে যাওয়ার পথে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা গাড়িবহরে হামলা চালায়। এসময় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী নিহত হয়। পরে মহাসড়কের পাশে থেকে দিদারের লাশ উদ্ধার হয়।
এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর নিহত শওকত আলীর দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম (সেলিম), সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য নাজমা আক্তারসহ ১১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দেড় হাজার জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য