আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার – গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার আসামি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দিদার হত্যা মামলা: গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ শহরের এলজিইডি অফিস এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান জানান। তিনি বলেন, গ্রেপ্তার আবু সিদ্দিক দিদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
গত ১৩ সেপ্টেম্বর শহরের বেদগ্রামে বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী গাড়িবহর নিয়ে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। বিকালে তার গাড়িবহর ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে পৌঁছলে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করেন। এতে এসএম জিলানীসহ ৫০ জন আহত হন। ভাঙচুর করা হয় ১০টি গাড়ি। গাড়িবহরে থাকা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার এ ঘটনায় নিহত হন।

এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ১১৭ জনের নাম উল্লেখ ও এক হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।ওই মামলায় গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদারকে আসমি করা হয়।এদিকে, দিদার হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে কোটালীপাড়ায় বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপি।
মঙ্গলবার কোটালীপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে বের করা হয়।শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, যুবদলের সদস্যসচিব মান্নান শেখ বক্তব্য দেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে জিলানীর গাড়িবহরে হামলা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।